কয়েক দিন আগে করোনামুক্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) পা ঝুলিয়ে বসানো হয়েছে সৌমিত্রকে। চলেছে ফিজিওথেরাপি। আগামী দিন দুয়েকের মধ্যে কোনো কিছুতে ভর দিয়ে প্রবীণ এই শিল্পীকে হাঁটানোর চেষ্টা করা হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে আরো জানানো হয়েছে—শুধু তাই নয়, সৌমিত্র চ্যাটার্জিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে, তার মন ভালো রাখার জন্য কিছু গল্প পড়ে শোনানোর কথাও ভাবছেন চিকিৎসকরা। আর এজন্য তার মেয়ে পৌলমী বোসের সাহায্য নেওয়া হবে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা করায় সৌমিত্র সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
আপাতত নতুন কোনো জটিলতা বা জ্বর আসেনি সৌমিত্রর। কৃত্রিমভাবে অক্সিজেনও দিতে হচ্ছে না তাকে। উচ্চ মাত্রায় স্টেরয়েড প্রয়োগ সৌমিত্রর চিকিৎসায় কার্যকর হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
বেলভিউ হাসপাতালের সিইও জানান, গত বছর গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র। এসব বিষয় মাথায় রেখেই চিকিৎসার পদক্ষেপ ঠিক করা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালের ১০ জন ছাড়াও আরো ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিস্থিতি পর্যালোচনা করছেন।
করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর ৮৫ বছর বয়েসি এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply