নিউজ ডেস্কঃ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) পদ ছাড়ছেন। পদ ছাড়ার পর প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি। বেজোসের উত্তরসূরী হবেন অ্যান্ডি জেসি। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসার প্রধান।
অ্যামাজনের জানিয়েছে, ২০২১ সালের গ্রীষ্মে এই পরিবর্তন সম্পন্ন হবে। অ্যামাজন প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী বেজোস জানিয়েছেন, এর ফলে নিজের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার “সময় ও শক্তি” পাবেন তিনি।
মঙ্গলবার অ্যামাজন কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে বেজোস লিখেছেন, “নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবো, এবং ডে ১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের জন্য সময় ও শক্তি পাবো।”
৫৭ বছর বয়সী বেজোস আরও যোগ করেছেন, “আমি এতোটা কর্মচাঞ্চল্য এর আগে অনুভব করিনি, এবং এটি অবসর গ্রহণ করা নয়। এই সংস্থাগুলোর পক্ষে যে প্রভাব রাখা সম্ভব, সে ব্যাপারে আমি অসম্ভব আগ্রহী।”
বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। ওই সময়ে সাধারণ অনলাইন বই বিক্রেতা হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করে অ্যামাজন। প্রতিষ্ঠানিট এখন বিশ্বের অনলাইন রিটেইল জায়ান্ট। গোটা বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা ১৩ লাখ। আরও বেজোসও বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি।
কোভিড-১৯ মহামারির সময়টিতে ফুলে-ফেঁপে উঠেছে অ্যামাজনের ব্যবসাও। গত বছর ৩৮ হাজার ছয়শ’ কোটি ডলার মূল্যের পণ্য বিক্রির খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। হিসেবে ২০১৯ সালের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ। গত বছর অ্যামাজনের মুনাফাও প্রায় দ্বিগুণ বেড়ে দুই হাজার একশ’ ৩০ কোটি ডলারের ঘরে দাঁড়িয়েছে।
Leave a Reply