দ্বিতীয় বিয়ে করছেন আফগানিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক আসগর আফগান।
এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন তিনি। যদিও নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে কিছুই জানাননি আসগর।
তবে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদও এ খবর টুইট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
টুইটে তিনি লেখেন– আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।
ইব্রাহিম মোমাদের এমন টুইটের পর দেশটির সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা, কেন পাঁচ সন্তানের জননীকে রেখে দ্বিতীয় বিয়ে করছেন আসগর সেই প্রশ্ন ছুড়ছেন নেটিজেনরা।
তবে এসব প্রশ্নের কোনো জবাব এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি আসগর।
২০০৯ সালে জাতীয় দলে অভিষেক ঘটে আসগর আফগানের। আফগান দলের টপ অর্ডার ব্যাটসম্যান তিনি। এখনও পর্যন্ত ১১১ ওয়ানডে খেলে ২৩৫৬ রান ও ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৮ রান করেছেন। ৪ টেস্টে করেছেন ২৪৯ রান।
অধিনায়ক হিসেবে বেশ সফল আসগর আফগান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ নবীর পরিবর্তে আসগরকে অধিনায়কত্ব দেয়া হয়। তার অধীনে ৫৬ ওয়ানডের মধ্যে ৩১টিতেই জিতেছে আফগানিস্তান।
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার, টুইটার
Leave a Reply