ডেস্ক রিপোর্ট : নতুন বছরে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সউদি প্রো লিগে আল নাসরের পারফরম্যান্স আহামরি না হলেও, ক্রিস্টিয়ানো রোনালদো গোলের ধারাতেই আছেন। নতুন বছরে প্রথম ম্যাচে পর্তুগিজ তারকার গোলের সুবাদে জয় পেয়েছে আল নাসর। বৃহস্পতিবার রিয়াদের আল-আওয়াল পার্কে আল-ওখদুদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৩-১ গোলে জিতেছে রোনালদোর দল। ম্যাচে রোনালদোর পেনাল্টি গোলের আগে ও পরে দুবার জালে বল পাঠান সাদিও মানে। ম্যাচের ৬ মিনিটে কাছ থেকে স্যাভিয়ার গাডউইনের গোলে এগিয়ে যায় আল-ওখদুদ। পাল্টা জবাব দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৯ মিনিটে সতীর্থের একটি হেড প্রতিহত হওয়ার পর, ফিরতি প্রচেষ্টায় সমতা টানেন মানে। ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলেও জড়িয়ে মানের নাম। প্রতিপক্ষের বক্সে তিনি ফাউলের শিকার হলেই পেনাল্টি পায় আল- নাসর। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো।
লিগে টানা চার ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে আগে থেকেই গোলের রেকর্ড তার দখলে। ক্যারিয়ারে তার মোট গোল হলো ৯১৭টি। চাপ ধরে রাখলেও ফল নিয়ে অনিশ্চয়তা কাটাতে পারছিল না আল- নাসর। অবশেষে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে হেডে দলকে জয়ের পথে এগিয়ে নেন মানে। এবারের লিগে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের এটা পঞ্চম গোল। এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আল- নাসর। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।
Leave a Reply