ডেস্ক রিপোর্ট : সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। ব্যাপারটা ভাবিয়ে তুলেছে রোনালদোকে। দলকে কক্ষপথে ফেরাতে ভূমিকা রাখতে চান বিশ্বকাপজয়ী এই নায়ক। এজন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান সাবেক এই তারকা ফরোয়ার্ড।
২০২৬ সালে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের স্থলাভিষিক্ত হওয়ার জন্য লড়াইয়ের বার্তা দিয়েছেন রোনালদো। সংবাদ মাধ্যম গ্লোবো এস্পোর্তে সোমবার নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। “সিবিএফের সভাপতি প্রার্থী হতে আমাকে অনুপ্রাণিত করেছে এমন শত শত বিষয়ের মধ্যে, আমি সেলেসাওদের (ব্রাজিল জাতীয় দল) সবসময়ের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার করতে চাই, যেটা সবসময় ব্রাজিলের ছিল এবং এখন আর কারো নেই।”
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপে জয়ে বড় অবদান রাখা রোনালদো ছিলেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ৪৮ বছর বয়সে এসে আরেকবার দেশের ফুটবলে ভূমিকা রাখতে চান তিনি। বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড স্প্যানিশ ক্লাব রিয়াল ভাইয়াকানোর নিজের শেয়ার বিক্রি করতে চাইছেন। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি। যেগুলো বিক্রি করে দেন চলতি বছরের শুরুতে।
Leave a Reply