ডেস্ক রিপোর্ট : ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ফর্টিস এফসি। অন্যদিকে হেরেই চলেছে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। বিজয়ী দলের হয়ে সেনেগালের মিডফিল্ডার চিক সেনে একাই দুই গোল করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোল পেতে মরিয়া ছিল ব্রাদার্স। ১৪ মিনিটে চিক সেনে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ পেয়ে আর ব্যবধান বাড়াতে পারেনি গোপীবাগের দলটি। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ঠিকই গোল আদায় করে নেয় তারা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+১মিনিট) চিক সেনে নিজের এবং দলের দ্বিতীয় গোল করলে সহজ জয় নিশ্চিত হয় ব্রাদার্সের। তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট পেয়ে মোহামেডানকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠলো গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচের সবগুলোতেই হেরে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবস্থান সবার শেষে।
অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ফর্টিস এফসি। জয়ী দলের স্থানীয় ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা দ্ইুটি এবং গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সারে একটি গোল করেন। উভয় দল ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধ কাটে গোলহীন। তবে দ্বিতীয়ার্ধে প্রায় আধ ঘন্টার ব্যবধানে তিন গোল আদায় করে নেয় ফর্টিস। ম্যাচের ৫২ মিনিটে ওমর সারের গোলে এগিয়ে যায় তারা (১-০)। আক্রমণের ধারায় থেকে ৫৭ মিনিটে নোভার গোলে ব্যবধান বাড়ায় ফর্টিস (২-০)। ম্যাচের ৮৫ মিনিটে নোভা আরেকটি গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফর্টিসের।ম্যাচ জিতে তিন খেলায় একটি করে জয়, হার ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা পেল ফর্টিস। সমান ম্যাচে টানা তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে নবম স্থানে ফকিরেরপুল।
Leave a Reply